ইন্টারনেট বন্ধের কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি

১১ আগষ্ট, ২০২৪ ১৬:৪৮  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধের নেপথ্যের মূল কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের সনাক্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব (টেলিকম) এ কে এম আমিরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিভাগে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কমিটির মাধ্যমে অনুসন্ধান এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

এ বিষয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবহার ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে। এটা মানবাধিকারের বিষয়। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। যাতে কারও মানবাধিকার লঙ্ঘিত না হয়, তথ্যের অবাধ প্রবাহ থাকে, সাংবাদিকসহ সবাই সত্যটি জানতে পারে। আমি আজকে চেষ্টা করব, প্রথম দিনে, গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন (ইন্টারনেট বন্ধ), তার তদন্তের জন্য আজকে ব্যবস্থা নেব।

তবে আজই কমিটির প্রথম বৈঠক হয়েছে বলে বিকেলে জানিয়েছেন আমিরুল ইসলাম। কমিটিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান আমিনুল হক ছাড়াও সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে একজন করে সদস্য রয়েছেন তবে বাকি সদস্যদের নাম রোববার বিকেল পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।